মহেশখালীতে আবাসিক হোটেলে মোবাইল কোর্ট, ইয়াবা-গাঁজাসহ আটক ২ যুবকের কারাদণ্ড।।
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ
মহেশখালীতে আবাসিক হোটেলে মোবাইল কোর্ট, ইয়াবা-গাঁজাসহ আটক ২ যুবকের কারাদণ্ড।। কক্সবাজার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম। সমযুগ সাপ্তাহিক পত্রিকা। ২৮ এপ্রিল ২০২৬: কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারের কুদ্দুস মার্কেটে একটি আবাসিক হোটেলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে দুই যুবককে দণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এই অভিযান পরিচালনা করেন। এ সময় মহেশখালী থানার সাব-ইন্সপেক্টর ইকবালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে কুদ্দুস মার্কেটের ৩য় তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলের কক্ষে দুই যুবককে ৪ পিস ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা এবং ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এদিকে, মহেশখালীর সচেতন মহল ও সর্বস্তরের জনগণ মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও নিয়মিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

