প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ
প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার ঐতিহাসিক পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। মানববন্ধনে স্থানীয় সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, একসময় ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে প্রবাহিত হতো প্রাচীন পঙ্খিরাজ নদী, যা বর্তমানে খালে পরিণত হয়ে ‘পঙ্খিরাজ খাল’ নামে পরিচিত। বক্তারা জানান, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ছিল এই নদী। এ নদীপথ ব্যবহার করেই বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচ্য ও পাশ্চাত্যে রপ্তানি করা হতো। কিন্তু দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও অবহেলার কারণে নদীটি আজ বিলুপ্তির পথে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে পঙ্খিরাজ নদী পুনঃখনন করে তার ঐতিহ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একইসঙ্গে সোনারগাঁওয়ের বিভিন্ন খাল ও জলাশয় দখল এবং ভরাটের কারণে বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগের কথা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো. মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, একাত্তর টেলিভিশনের সোনারগাঁও প্রতিনিধি শেখ ফরিদ, সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি এরশাদ হুসাইন অন্তু এবং নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী প্রমুখ।

