হারিয়া-পৌরসভা সংযোগ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
হারিয়া-পৌরসভা সংযোগ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া থেকে সোনারগাঁ পৌরসভা সংযোগ সড়কের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি সরেজমিনে সড়কটির উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক নির্মাণকাজের অগ্রগতি, কাজের মান ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সড়কটির নির্মাণকাজ যাতে নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হয় এবং দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার বিষয়েও সতর্ক করেন তিনি। তিনি বলেন, “জনসাধারণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়নকাজ অবশ্যই নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন করতে হবে। সড়কটি যেন দীর্ঘদিন টেকসই থাকে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, হারিয়া থেকে পৌরসভা সংযোগ সড়কটি উন্নত হলে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে।

