মাত্র ১ ভোটের ব্যবধানে দেলোয়ারের জয়, জমজমাট গুইমারার মধ্য হাফছড়ির সমাজ নির্বাচন
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
মাত্র ১ ভোটের ব্যবধানে দেলোয়ারের জয়, জমজমাট গুইমারার মধ্য হাফছড়ির সমাজ নির্বাচন খাগড়াছড়ির গুইমারা উপজেলার মধ্য হাফছড়ি সমাজ পরিচালনা কমিটির নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ দেলোয়ার হোসেন ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১০২ জন ভোটারের বিপরিতে সভাপতি পদে অপর প্রার্থী মো. সুরুজ মিয়া পেয়েছেন ৪৯ ভোট। নির্বাচনে মোট ৩টি ভোট বাতিল হয়েছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে এবং নতুন নেতৃত্বের পথ তৈরি হয়। সভাপতি ছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. রেজাউল মিয়া, যুগ্ম সম্পাদক মো. সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং সম্মানিত সদস্য মো. ফারুক হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে মধ্য হাফছড়ি সমাজ পরিচালনা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি পদে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কমিটির নেতৃত্ব কাঠামো পূর্ণতা পেয়েছে। নবনির্বাচিত সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের কাছে এলাকাবাসী সমাজের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নতুন কমিটি ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে মধ্য হাফছড়ি সমাজের উন্নয়নে কাজ করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

