সরকারি খাল থেকে রাতের আঁধারে মাছ ধরার চেষ্টা, এলাকাবাসীর প্রতিরোধ
মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
সরকারি খাল থেকে রাতের আঁধারে মাছ ধরার চেষ্টা, এলাকাবাসীর প্রতিরোধ সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর পূর্বপাড়া এলাকার একটি সরকারি খাল থেকে রাতের আঁধারে অবৈধভাবে সেচ বসিয়ে মাছ ধরার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম ভুইয়ার নেতৃত্বে এ চেষ্টা চালানো হয়। এলাকাবাসীর জানায়, বিষয়টি টের পেয়ে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস ও সাধারণ সম্পাদক বশির আহমদের নেতৃত্বে কৃষকদলের সভাপতি মেহেদী হাসান নাসির, সাধারণ সম্পাদক খোরশেদ আলম চঞ্চলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উপস্থিতির বিষয়টি বুঝতে পেরে মসলা সেলিম ও জাসদ নেতা ডালিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে মসলা সেলিমের সহযোগী বেয়াই মোখলেস ও ইমরানকে এলাকাবাসী আটক করে। উত্তেজিত জনতা তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে আনিস ও বশির আহমদ পরিস্থিতি শান্ত করেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি। পরবর্তীতে অবৈধভাবে বসানো সেচ মেশিন বন্ধ করে সরকারি খালটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এলাকাবাসী সরকারি খাল দখল ও অবৈধ মাছ ধরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

