সোনারগাঁয়ে গণসংযোগ করে জোটে নতুন বিতর্ক, শিবলীকে সরে দাঁড়ানোর আহ্বান তুহিন মাহমুদের
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ অপরাহ্ণ
সোনারগাঁয়ে গণসংযোগ করে জোটে নতুন বিতর্ক, শিবলীকে সরে দাঁড়ানোর আহ্বান তুহিন মাহমুদের নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের ভেতরের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় গণসংযোগ করে প্রকাশ্যে ১০ দলীয় জোটের সিদ্ধান্তের বিপরীত অবস্থান নেন। গণসংযোগকালে তিনি ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের শাহজাহান শিবলীকে ইকবাল হোসেন ভূঁইয়াকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। এতে জোটের সিদ্ধান্ত কার্যত উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জোটের প্রার্থী ঘোষণার পরও প্রকাশ্যে এমন বক্তব্য ও প্রচারণা জোটের ভেতরের সমন্বয়হীনতা ও নেতৃত্ব সংকটকেই সামনে নিয়ে এসেছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে এবং জোটের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে। এ বিষয়ে শাহজাহান শিবলী বলেন, “আমি ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের মাঠে আছি। জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বক্তব্য দিলে সেটি জোটের ঐক্যের জন্য ক্ষতিকর।” তিনি আরও বলেন, “এই ধরনের বক্তব্য মাঠের কর্মীদের মধ্যে হতাশা তৈরি করছে।” স্থানীয় রাজনীতিতে আলোচনায় এসেছে, জোটভুক্ত দলগুলোর একাংশ প্রকাশ্যে ভিন্ন অবস্থান নেওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোট কার্যত ভোটের মাঠে দুর্বল হয়ে পড়ছে। নির্বাচনের আগে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানো না গেলে জোট বড় রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

