সোনারগাঁয়ে ব্যবসায়ীর ওপর হামলা ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
সোনারগাঁয়ে ব্যবসায়ীর ওপর হামলা ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এক তেলের ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ১২ এপ্রিল (রবিবার) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. নাছির উদ্দিন আজ সোমবার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মো. নাছির উদ্দিন দীর্ঘ দিন ধরে চর কিশোরগঞ্জ ও চর হোগলা ঘাটে ডিজেল ও তেলের ব্যবসা করে আসছেন। অভিযুক্ত বিবাদী শাহ সুলতান গাজী (২৮) ও আসাদুল্লাহ (৩৫) সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি নাছিরের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। গতকাল রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে নাছির উদ্দিন সারাদিনের ব্যবসার নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জ মার্কেটের ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা নাছিরকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে বিবাদী শাহ সুলতান গাজী হকিস্টিক দিয়ে হত্যার উদ্দেশ্যে নাছিরের মাথায় আঘাত করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে নাকে লাগে এবং তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। আহত নাছির মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাঁর সাথে থাকা নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজ তিনি থানায় হাজির হয়ে এই অভিযোগ দায়ের করেন। নাছির উদ্দিন অভিযোগে বলেন, "তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেছে এলাকায় ব্যবসা করতে হলে তাদের কথামতো চলতে হবে। আমি আমার টাকা উদ্ধার ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।" সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

