সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকের পিএইচডি অর্জন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ণ
সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকের পিএইচডি অর্জন সোনারগাঁও সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর পদার্থবিজ্ঞান বিভাগ থেকে তাঁকে এই উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়। গবেষণায় তাঁর থিসিসের শিরোনাম ছিল: "Investigation of Pre-monsoon Thunderstorms Characteristics over Bangladesh Based on Sensitivity of WRF Model Physics Schemes"। তাঁর এই গুরুত্বপূর্ণ গবেষণায় প্রধান তত্ত্বাবধায়ক (Supervisor) হিসেবে ছিলেন ডুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জামাল আহমেদ। এ ছাড়া সহ-তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক এবং জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের (Kagawa University) অধ্যাপক ড. তরু তেরাও। শুভেচ্ছা ও অভিনন্দন: আজ (২১ জুলাই, ২০২৬) দুপুরে এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য মোঃ মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম। এসময় কলেজের শিক্ষক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মহোদয় তাঁর অভিনন্দন বার্তায় বলেন, এ ধরণের উচ্চতর গবেষণা কলেজের একাডেমিক মান ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদেরকে গবেষণা এবং উচ্চ শিক্ষা অর্জনে আরও বেশি করে অনুপ্রাণিত করবে। সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত: শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী মোঃ মোজাম্মেল হক এর আগে ২০১৬ সালে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ২ জুলাই ২০০৭ সালে ২৪তম বিসিএস-এর মাধ্যমে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। শিক্ষা ক্যাডারে যোগদানের পূর্বে তিনি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং কারিগরী কলেজের প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত দক্ষ সংগঠক, উপস্থাপক ও আবৃত্তিকার মোঃ মোজাম্মেল হক ১৯৭৫ সালে কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি মোহাম্মদ মোবারক হোসেন ও সালেহা বেগম দম্পতির কৃতি সন্তান। তাঁর এই অনন্য সাফল্যে সোনারগাঁও সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজনসহ স্থানীয় শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

