উন্নয়ন ও জনসেবায় এগিয়ে বৈদ্যেরবাজার, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
উন্নয়ন ও জনসেবায় এগিয়ে বৈদ্যেরবাজার, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি এসেছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগ ও তৎপরতায় দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে একের পর এক কার্যকর পদক্ষেপ। এতে বদলে যেতে শুরু করেছে ইউনিয়নের সামগ্রিক চিত্র। স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ইউনিয়নের রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়নসহ জনদুর্ভোগের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। প্রয়োজনীয় স্থানে দ্রুত সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নিচ্ছেন তিনি। বিশেষ করে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, ইটের সলিং, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা অনেক এলাকার মানুষের দুর্ভোগ কমতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনের প্রতি আস্থা তৈরি হয়েছে। কোনো এলাকায় সমস্যা দেখা দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা করছেন তিনি। বৈদ্যেরবাজার ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের মৌলিক সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষও পান, সে লক্ষ্যেই কাজ করছি।” স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে বৈদ্যেরবাজার ইউনিয়ন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে। তাঁদের মতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনের নেতৃত্বে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকলে বদলে যাবে বৈদ্যেরবাজার ইউনিয়নের চিত্র।

