• ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

গজারিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নগদ অর্থ, ক্রেস্ট ও বৃক্ষ বিতরণ

গজারিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নগদ অর্থ, ক্রেস্ট ও বৃক্ষ বিতরণ

রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ

গজারিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নগদ অর্থ, ক্রেস্ট ও বৃক্ষ বিতরণ গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও একটি করে চারা গাছ বিতরণ করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের প্রায় ৪০০টি ফলজ ও ঔষধি চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ ও উপজেলা অডিটোরিয়াম কক্ষে পৃথক আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে একটি করে চারা গাছ দেওয়া হয়। শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়া, নিয়মিত বৃক্ষরোপণ, প্লাস্টিক পণ্য বর্জন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের ভূমিকা অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। একই সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি কৃতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও চারা গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক নূরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাসচিব মো. মোক্তার হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ (গজারিয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম এম ইরাদত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং গজারিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও চারা গাছ তুলে দেওয়ার মাধ্যমে একদিকে যেমন তাদের মেধার স্বীকৃতি দেওয়া হয়েছে, অন্যদিকে পরিবেশ রক্ষার প্রতিও সচেতন করা হয়েছে। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।